Share
তুচ্ছ ঘটনায় বার বার পাহাড় উত্তপ্ত হচ্ছে। এবারও খাগড়াছড়িতে বাঙালি-পাহাড়ি জাতিতে সংঘাত হয়েছে। প্রাণ ঝরেছে তিনজনের। সূত্র বলছে, এর পেছনে কলকাঠি নেড়েছে স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াত। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবিরের প্যানেলে ছিলেন সর্ব মিত্র চাকমা নামের এক নৃ-গোষ্ঠী শিক্ষার্থী। সূত্র জানায়, শিবিরের ব্যাপক কার্যক্রম রয়েছে পাহাড়ে।
গত কয়েক বছরে পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণ নেওয়ার সময় বেশ কয়েকজন জঙ্গিকে গ্রেপ্তার করেছিল আইন শৃঙ্খলা বাহিনী। এরমধ্যে অনেকেই জঙ্গিসংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার’ সদস্য।
২০২২ সালের ডিসেম্বরে জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান জানান, তার ছেলে রাফাত সাদিক জঙ্গিবাদে জড়িয়ে গেছেন। তখন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) জানায়, নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সঙ্গে সংগঠন হিসেবে জামায়াতের সংশ্লিষ্টতা খুঁজতে ডা. শফিকুর রহমানকে আরও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সঙ্গে সংশ্লিষ্টতা, ছেলের জড়ানো, ছেলেসহ জড়িতদের হিজরতে ব্যয়ভার বহনের অভিযোগ তুলে জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে ২০২২ সালের ১৩ ডিসেম্বর গ্রেফতার করে সিটিটিসি। এ থেকে স্পষ্ট যে, জামায়াতের তত্ত্বাবধানে সেখানে জঙ্গি প্রশিক্ষণ হতো।
এবার পাহাড় অশান্ত হওয়ার পর ভারতের দিকে আঙুল তোলা হয়েছে। সম্প্রতি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধন রয়েছে। তবে কীভাবে ভারত জড়িত তার প্রমাণ দিতে পারেনি জাহাঙ্গীর আলম।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বলেন, ‘মিথ্যা ও ভিত্তিহীন’ অভিযোগ। তিনি বলেন, এ অভিযোগ সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। আপনারা জানেন এবং আমরা বিভিন্ন সময়ে এটা নিয়ে কথা বলেছি, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আইন-শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ এবং নিয়মিতভাবে অন্যের ওপর দোষ চাপানো তাদের অভ্যাস।
গত ২৩ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ি সদর উপজেলায় মারমা জাতিগোষ্ঠীর এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার পর থেকেই বিক্ষোভ ও উত্তেজনা চলছিল পার্বত্য এ জেলায়।
পরদিন ২৪ সেপ্টেম্বর এ ঘটনায় সেনাবাহিনীর সহায়তায় পুলিশ শয়ন শীল নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করে। এ ঘটনার জড়িত বাকিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বৃহস্পতিবার জেলায় আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে ‘জুম্ম ছাত্র-জনতা’।
এরপর ২৭ সেপ্টেম্বর ভোর ৫টায় ‘জুম্ম-ছাত্র জনতা’র ব্যানারে অবরোধ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির কারণে চট্টগ্রাম-খাগড়াছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি ও খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল বন্ধ থাকে।
আরো পড়ুন

