Thursday, March 12, 2026

সংসদ শুরু হওয়ার আগেই এলএনজির নামে লুটপাট শুরু

Share

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির অজুহাতে স্পট মার্কেট থেকে দ্বিগুণ দামে আরও তিন কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়, যার সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিশ্লেষকরা বলছেন, সংসদ অধিবেশন শুরু হওয়ার আগেই বিএনপি লুটপাট শুরু করে দিয়েছে। আন্তর্জাতিক বাজার থেকে চড়া মূল্যে এই গ্যাস কেনার সিদ্ধান্ত নিয়ে বড় ধরনের আর্থিক অনিয়ম বা লুটপাটের আশঙ্কা করছেন তারা।

বৈঠক সূত্রে জানা গেছে, দক্ষিণ কোরিয়া থেকে দুই কার্গো এবং যুক্তরাজ্য থেকে এক কার্গো এলএনজি আমদানিতে মোট ব্যয় হবে ২ হাজার ৬৫৪ কোটি ৫৪ লাখ ৬৩ হাজার ২৮০ টাকা। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫-এর বিশেষ ধারা ব্যবহার করে সরাসরি কোটেশনের মাধ্যমে এসব গ্যাস কেনা হচ্ছে।

গত বছরের ৯ ডিসেম্বর যুক্তরাজ্যের ‘টোটাল এনার্জিজ’ থেকে প্রতি এমএমবিটিইউ এলএনজি কেনা হয়েছিল ১০.৩৭ ডলারে। অথচ এবারের প্রস্তাবে একই প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি এমএমবিটিইউ গ্যাসের দাম ধরা হয়েছে ২১.৫৮ ডলার। অর্থাৎ মাত্র কয়েক মাসের ব্যবধানে দাম দ্বিগুণেরও বেশি দেখানো হচ্ছে। একইভাবে দক্ষিণ কোরিয়ার ‘পসকো ইন্টারন্যাশনাল’ থেকেও আগের তুলনায় দ্বিগুণ দামে ২০.৭৬ ডলারে এলএনজি কেনা হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, আগামী ৫ থেকে ১৩ এপ্রিলের মধ্যে এই তিন কার্গো এলএনজি দেশে আনা হবে। সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও তড়িঘড়ি করে অস্বাভাবিক উচ্চমূল্যে এই চুক্তিগুলো করা হচ্ছে, যা জনমনে সন্দেহের সৃষ্টি করেছে।

আরো পড়ুন

সদ্য প্রকাশিত